24/10/2026
একই শরীরের সঙ্গে যুক্ত দুই বোনের জীবনে ব্যক্তিগত পরিচয়, ভালোবাসা আর স্বাধীন সিদ্ধান্ত কীভাবে পাশাপাশি থাকতে পারে, কারমেন আন্দ্রাদে ও ড্যানিয়েল ম্যাককরম্যাকের গল্প তারই একটি বিরল উদাহরণ। ২৫ বছর বয়সী কারমেন অক্টোবর ২০২৫ সালে স্বামী ড্যানিয়েলের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।
৩ অক্টোবর ইনস্টাগ্রামে কারমেন জানান, ড্যানিয়েলের সঙ্গে তাদের সম্পর্কের বয়স পাঁচ বছর এবং স্ত্রী হিসেবে তার এক বছর পূর্ণ হয়েছে। পরদিন ৪ অক্টোবর ড্যানিয়েলও ছবি প্রকাশ করে লেখেন, তাদের এক বছর হলো বিয়ে, সামনে বাকি পুরো জীবন। ২০২০ সালে ডেটিং অ্যাপ হিঞ্জে তাদের পরিচয় হয়, আর ২০২৪ সালের অক্টোবরে কানেকটিকাটের নিউ মিলফোর্ডের লাভার্স লিপ ব্রিজে পরিবারের উপস্থিতিতে ছোট পরিসরে বিয়ে করেন তারা।
কারমেনের যমজ বোন লুপিতা, যার বয়সও ২৫, বিয়ের অংশীদার নন, এবং দুজনেই এ বিষয়ে নিজেদের আলাদা পরিচয় ও সীমারেখার কথা স্পষ্ট করেছেন। বোনেরা শরীরের ধড়ের অংশে যুক্ত, একই পেলভিস ও প্রজনন ব্যবস্থা ভাগ করেন, তবে প্রত্যেকের আলাদা হৃদ্যন্ত্র, ফুসফুস ও পাকস্থলী রয়েছে। প্রত্যেকের দুইটি করে হাত ও একটি করে পা আছে, ফলে দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত সিদ্ধান্ত দুজনের জন্যই সমন্বয় ও পারস্পরিক সম্মানের বিষয়।
কারমেন বলেছেন, ড্যানিয়েল প্রথম থেকেই তার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে প্রশ্ন না করে মানুষ হিসেবে তাকে জানার চেষ্টা করেছিলেন, আর লুপিতাই সম্পর্কটি এগিয়ে নিতে বোনকে উৎসাহ দিয়েছিলেন।
©Science Bee